;

থানায় গিয়ে নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক!

থানায় গিয়ে নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবক আটক!

ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শক (এসআই)কে ‘ম্যাডাম’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর থানা চত্বরে। আটক হওয়া যুবকের নাম নূর মোহাম্মদ মামুন।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ব্যক্তিগত কাজে থানায় গেলে তিনি ডিউটিরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করেন। এতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং একপর্যায়ে তাকে গালাগাল করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে কোনো লিখিত অভিযোগ বা স্পষ্ট কারণ ছাড়াই তাকে থানায় আটক রাখা হয়।

প্রায় দেড় ঘণ্টা পর পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হলে একটি মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযুক্ত এসআই রোখসানা খাতুন ১৯ এপ্রিল ২০২৫ তারিখে শেরপুর থানায় যোগদান করেন। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই তার আচরণ ও সেবাগ্রহীতাদের সঙ্গে ব্যবহার নিয়ে বিভিন্ন সময়ে অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি ও থানায় সেবা নিতে আসা কয়েকজন দাবি করেন, অতীতেও তার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। কেউ কেউ জানান, আগে থানায় গেলে ধমক ও গালিগালাজের মুখোমুখি হয়েছেন তারা।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও কিছু মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তবে অভিযুক্ত এসআই রোখসানা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি না হয়।