;

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

দেড় মাসের শিশুসহ কারাগারে যুব মহিলা লীগের নেত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলায় মঙ্গলবার এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হয়। বিকেল ৩টা ১০ মিনিটে চার নম্বর আদালতের সামনে বেঞ্চে বসে ৪৬ দিনের শিশু সন্তানকে দুধ পান করাচ্ছিলেন এক নারী।

আশপাশে কাপড় দিয়ে আড়াল করে রেখেছিলেন দুজন স্বজন। কিছুক্ষণ পরই পুলিশ তাকে হাজতখানায় নিতে চাইলে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরে জানা যায়, ওই নারীর নাম মোসা. শিল্পী বেগম (৩৭)। তিনি ২৬ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের একজন নেত্রী। রাজধানীর তেজগাঁও থানার বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনেন। আবেদনে বলা হয়, পরবর্তীতে তার নির্দেশে হামলা, ভাঙচুর, বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে।

আসামিপক্ষের আইনজীবী আদালতে বলেন, এই আসামির কোলে মাত্র ১ মাস ১৬ দিনের শিশু রয়েছে এবং প্রসব-পরবর্তী জটিলতার কারণে শিশুটির বিশেষ যত্ন প্রয়োজন। মানবিক দিক বিবেচনায় জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।

আইনজীবীরা বলেন, এই সিদ্ধান্ত মা ও শিশুর মানবাধিকার প্রশ্নে উদ্বেগ সৃষ্টি করেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী পরে তাকে হাজতখানায় নেওয়া হয়, এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।