নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় দানবাক্স থেকে টাকা চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করার ঘটনা ঘটেছে। তবে পরে তাকে শাস্তি না দিয়ে মানবিকভাবে ছেড়ে দেওয়ার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাদরাসা প্রাঙ্গণে দানবাক্স ভাঙার সময় সন্দেহজনকভাবে এক যুবককে দেখতে পান উপস্থিত লোকজন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে চুরির বিষয়টি নিশ্চিত হয়।
ঘটনার পর কোনো শারীরিক শাস্তি না দিয়ে মাদরাসা কর্তৃপক্ষ ভিন্ন সিদ্ধান্ত নেয়। তাকে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভবিষ্যতে আর চুরি করবে না—এমন অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই মাদরাসা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসা করছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মাহমুদ চৌধুরী জানান, যুবককে হাতেনাতে ধরা হয়। পরে শারীরিক শাস্তি না দিয়ে তাকে বুঝিয়ে অজু করিয়ে নামাজ পড়ানো হয় এবং ভালো পথে ফেরার উপদেশ দেওয়া হয়। তিনি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।
আরেক প্রত্যক্ষদর্শী রোকন সরকার বলেন, সাধারণত এমন ঘটনায় উত্তেজনা দেখা দিলেও এখানে ধৈর্য ও মানবিকতা দেখানো হয়েছে, যা প্রশংসনীয়।
মাদরাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী জানান, শাস্তির চেয়ে সংশোধনকে গুরুত্ব দেওয়া হয়েছে। যুবক নিজের ভুল স্বীকার করেছে এবং আর কখনো এমন কাজ করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ কারণে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।