;

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিন শ্রমিককে কারাদণ্ড ও জরিমানা দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগের আট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

শ্রমিকদের এ আন্দোলনে সমর্থন জানিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতিও। ফলে রংপুর বিভাগসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে যমুনা অয়েল কোম্পানির তেল নিয়ে একটি ট্যাংকলরী নীলফামারীর উদ্দেশে রওনা দেয়। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও সহকারীরা গাড়ি থামিয়ে মেরামতের কাজ করছিলেন।

এ সময় নীলফামারীর এনডিসি নিয়াজ ভূঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেল চুরির অভিযোগ আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লরি ম্যানেজার একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ ও সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

এই রায়কে ‘হয়রানিমূলক’ দাবি করে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অভিযুক্ত শ্রমিকরা চুরির সঙ্গে জড়িত নন; তারা কেবল গাড়ি মেরামত করছিলেন। দ্রুত তাদের মুক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার বদলির দাবি জানান তিনি।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, মোবাইল কোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে এবং দ্রুত শুনানির মাধ্যমে জামিন পাওয়ার সম্ভাবনা আছে। তবে শ্রমিকরা আপিলের প্রস্তাব মেনে নিচ্ছেন না।

প্রশাসন আশা করছে, দ্রুত আলোচনার মাধ্যমে এ অচলাবস্থার সমাধান হবে।