;

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো ৩৪টি ইরানি জাহাজ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের জারি করা কঠোর অবরোধ উপেক্ষা করে অন্তত ৩৪টি ট্যাঙ্কার চলাচল করেছে বলে জানিয়েছে কার্গো ট্র্যাকিং সংস্থা ভর্টেক্সা। এসব ট্যাঙ্কারের মধ্যে কয়েকটি ইরানি তেল পরিবহন করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবরোধকে “বিরাট সাফল্য” হিসেবে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্য সংকটের নতুন ধাপে তেহরানকে শান্তি চুক্তিতে বাধ্য করতে গত ১৩ এপ্রিল সকাল থেকে ইরানি উপকূলীয় জলসীমায় প্রবেশ ও বের হওয়া সব জাহাজের ওপর অবরোধ আরোপ করে ওয়াশিংটন। পরে ১৬ এপ্রিল মার্কিন নৌবাহিনীর এক নোটিশে এই নিষেধাজ্ঞার পরিধি আরও বাড়ানো হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮টি জাহাজকে ইরানি বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। পাশাপাশি ওমান উপসাগরে একটি কন্টেইনার জাহাজ আটক এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি অনুমোদিত ট্যাঙ্কারে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই অবরোধ “বিরাট সফল” হয়েছে এবং ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি থেকে এটি প্রত্যাহার করা হবে না।

তবে ভর্টেক্সার তথ্য অনুযায়ী, অন্তত ৩৪টি ট্যাঙ্কার অবরোধ এড়িয়ে চলাচল করেছে। এর মধ্যে ১৯টি ইরানি ট্যাঙ্কার পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে এবং ১৫টি ট্যাঙ্কার আরব সাগর থেকে ইরানের দিকে প্রবেশ করেছে। এসব ট্যাঙ্কারে অন্তত ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল পরিবহন করা হয়েছে বলেও জানা গেছে।