নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২২শে এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—লক্ষীকুন্ডা নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সবাই একই নৌফাঁড়িতে কর্মরত। আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, নিয়মিত টহল ডিউটি চলাকালে নৌফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।