;

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন পিএইচডি গবেষক জামিল লিমন (২৭) এবং রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টি (২৭)। বিষয়টি প্রকাশ করেছে এনবিসি নিউজ, যেখানে বিশ্ববিদ্যালয় পুলিশের বরাত দিয়ে তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, জামিল লিমনকে সর্বশেষ ফ্লোরিডার টাম্পায় তার বাসায় সকাল ৯টার দিকে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস একটি নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেছে।

অন্যদিকে নাহিদা এস বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। এরপর তিনিও নিখোঁজ হন। বিশ্ববিদ্যালয় পুলিশ তার বিষয়টিও আলাদাভাবে নথিভুক্ত করেছে।

পুলিশের ধারণা, দুইজন একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পরিবারের সদস্যরা এ ধারণা নিয়ে সন্দিহান এবং তাদের দাবি, দুইজনের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো কারণ নেই।

লিমনের পরিবার জানিয়েছে, তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ এবং কাউকে না জানিয়ে কোথাও যাওয়ার সম্ভাবনা নেই। একইভাবে বৃষ্টির পরিবারও বলেছে, তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন এবং নিখোঁজ হওয়ার দিনও স্বাভাবিকভাবে কথা বলেছেন।

জানা গেছে, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ পরিকল্পনাও ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক সম্পর্কে ছিলেন না। নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ ও অন্যান্য জিনিস ল্যাবে রেখে যান, সঙ্গে ছিল শুধু ফোন ও পার্স। অন্যদিকে লিমনের পাসপোর্ট তার বাসায়ই পাওয়া গেছে।

দুই বাংলাদেশি শিক্ষার্থীর এমন রহস্যজনক নিখোঁজ ঘটনায় উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। স্থানীয় পুলিশ তাদের খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।