নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ৪ঠা এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীরহাজিরবাগে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। উল্টো পথে আসা একটি বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারান ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী।
শুক্রবার গভীর রাতে মীরহাজিরবাগ কাঁচাবাজার এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে অটোরিকশা চালক ফিরোজ আহমেদ (৫০)-এর পরিচয় জানা গেছে। তবে নিহত অপর যাত্রীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শী খাইরুল জানান, তিনি কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে ছিলেন। এ সময় তিনি দেখতে পান, উল্টো পথে একটি ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে একটি অটোরিকশার ওপর উঠে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের নিচ থেকে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উপস্থিত জনতা ট্রাকচালককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানিয়েছেন, দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। সেই ট্রাকটিকে ধরতে গিয়েই তিনি উল্টো পথে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বেপরোয়া ও উল্টো পথে যান চলাচল নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।