নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ২১শে এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার গহিন পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—মুজিবুর রহমান (৩৮), নুর বশর (২০) ও রবিউল আউয়াল (১৯)। তারা সবাই বাহারছড়া শীলখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণ ও মানব পাচারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের বিরুদ্ধে আগে থেকেই অপহরণ ও মানব পাচারের অভিযোগ ছিল এবং পাহাড়ি ওই এলাকাকে তারা আস্তানা হিসেবে ব্যবহার করতেন।
স্থানীয় বাসিন্দারা সকালে প্রথমে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার পেছনে অপহরণ ও মানব পাচার–সংশ্লিষ্ট বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় জখমের চিহ্ন রয়েছে।
নিহত রবিউল আউয়ালের বাবা রুহুল আমিন বলেন, রাতে মুজিবুর রহমান তার ছেলেকে ডেকে নিয়ে যান। সকালে পাহাড়ে ছেলের রক্তাক্ত লাশ পড়ে থাকার খবর পান তিনি। ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছুই জানেন না।