;

রাতের আঁধারে এলোপাথাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ অন্তত ১০

রাতের আঁধারে এলোপাথাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ অন্তত ১০

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়ার গ্রামে সোমবার দিনগত রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিদ্যুৎ বিভ্রাটের সুযোগ নিয়ে অন্ধকারে একদল সশস্ত্র দুর্বৃত্ত অন্তত ১০ থেকে ১২ জনকে গুলি করে আহত করেছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ নারী ও শিশু রয়েছেন। কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ১২টার দিকে হঠাৎ এলাকায় বিদ্যুৎ চলে যায়। সেই অন্ধকারের মধ্যেই অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত রবিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গুলি চালাতে শুরু করে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম, কামু, রানা, হাফেজ প্রামাণিক, তমা খাতুন, রুনা এবং মুন্নীসহ আরও কয়েকজন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত কয়েকজনকে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কারা এবং কী কারণে এই হামলা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।