নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : রবিবার ২৯শে মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
চলতি মার্চ মাসে রাজশাহী অঞ্চলে হামে আক্রান্ত হয়ে অন্তত ১২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার শিশুর মধ্যে তিনজন মারা যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে ৯ জন আইসিইউতে নেওয়ার পর মারা গেছে এবং বাকি ৩ জন আইসিইউতে নেওয়ার আগেই মৃত্যুবরণ করে। বর্তমানে আরও কয়েকজন শিশুকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়েছে।
সংক্রামক এই রোগটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায়। তবে অভিযোগ উঠেছে, রাজশাহী মেডিকেলে সাধারণ রোগীদের সঙ্গেই হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যা সংক্রমণ আরও বাড়ার ঝুঁকি তৈরি করছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ ১৫৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া মার্চের শুরু থেকে ২৬ মার্চ পর্যন্ত ৮৪ জন রোগীকে আইসিইউতে নেওয়ার সুপারিশ করা হয়।
এদিকে পাবনায় শনিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত ২৬ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে, যদিও সেখানে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জে গত তিন মাসে হাম আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের অভিযোগ, আইসিইউ সংকটের কারণে অনেক শিশু সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না। একাধিক অভিভাবক জানান, আইসিইউ না পাওয়ায় তাদের সন্তানদের অবস্থা গুরুতর হয়ে উঠেছে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংক্রামক ব্যাধি হাসপাতালে পর্যাপ্ত জনবল না থাকায় সেখানে রোগী স্থানান্তর করা সম্ভব হয়নি। তবে শনিবার থেকে হাসপাতালের ১০ ও ২৪ নম্বর ওয়ার্ডে হাম আইসোলেশন কর্নার চালুর কথা বলা হয়েছে।
তবে সরেজমিনে দেখা গেছে, আইসোলেশন ব্যবস্থাপনা এখনও পুরোপুরি কার্যকর হয়নি। এতে সাধারণ রোগীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাবিবুর রহমান জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় বিভাগজুড়ে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।