;

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি, উপকূলে সতর্কতা

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি, উপকূলে সতর্কতা

ছবি: সংগৃহীত

জাপানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির ঢেউ আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ৩১ ইঞ্চি উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়ে।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে ইওয়াতে অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পন এতটাই তীব্র ছিল যে, এর প্রভাব শত শত কিলোমিটার দূরের টোকিওতেও অনুভূত হয় এবং উঁচু ভবনগুলো কেঁপে ওঠে।

জাপান আবহাওয়া সংস্থার তথ্যমতে, ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দর এলাকায় ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হানে।

ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, সুনামির ঢেউ একাধিকবার আঘাত হানতে পারে, তাই সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের ফুটেজে তাৎক্ষণিক বড় ধরনের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যায়নি।

তবে জাপান আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, পরবর্তী সময়ে আরও ভূমিকম্প (আফটারশক) হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি