Empress desk
;
Empress desk
আপডেট : সোমবার ২০শে এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশে যদি সত্যিই জ্বালানির কোনো সংকট না থাকে, তাহলে দীর্ঘ লাইন কেন এবং জ্বালানির দাম বাড়াতে হয় কেন—এ প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে।
রোববার সংসদে ৭১ বিধির আওতায় জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু সংসদ সদস্য তার বক্তব্যের সময় হইচই করে বাধা দেন, যা পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সমালোচনা করেন।
রুমিন ফারহানা বলেন, জ্বালানির দাম বৃদ্ধির আগে দেশের বিভিন্ন পেট্রল পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে, যেখানে রাতভর অপেক্ষা করেও মানুষ তেল পাচ্ছিল না। কিন্তু সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার বারবার দাবি করছে দেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু বাস্তবে তেল নিতে গেলে দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একই সঙ্গে অফিস সময় পরিবর্তন ও সন্ধ্যা ৭টায় মার্কেট বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ সময় তিনি জ্বালানিমন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে বলেন, তারা গণমাধ্যমে সংকট নেই বললেও বাস্তবে দেশের জ্বালানি মজুত, সরবরাহ পরিস্থিতি এবং পাম্পগুলোর অবস্থা নিয়ে পরিষ্কার তথ্য দেন না।
সংসদে তার বক্তব্য চলাকালে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হইচইয়ের ঘটনা ঘটে। পরে স্পিকার সংসদে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা পরে সংসদের আচরণ নিয়ে সমালোচনা করে বলেন, একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় তাকে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয় এবং এটি সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী।
অন্যদিকে আলোচনায় অংশ নিয়ে গাজীপুরের সংসদ সদস্য সালাহউদ্দীন তার এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং, চিকিৎসা সেবা ব্যাহত হওয়া এবং কৃষি উৎপাদনে সমস্যার কথা তুলে ধরেন। তিনি বিদ্যুৎ ও সংসদীয় ক্রয় ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।