নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল হওয়ায় এ আসনটি বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—যাদের মধ্যে ৬৩ জন দলীয় এবং ২০ জন স্বতন্ত্র।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।