নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজধানীসহ সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের খবর সরকারের কাছে আসেনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বারিধারা ডিওএইচএসে স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা চাই, দিনটি যেন উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। আল্লাহ চাইলে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ভিডিওটি আমাকে দিন, আমি দেখবো। এবার একজনের ভোট অন্যজন দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখবো।”
বিভিন্ন জেলায় বিচ্ছিন্ন ঘটনার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, “ছোটখাটো দু-একটি ঘটনা ঘটেছে, আমি তা অস্বীকার করবো না। তবে নির্বাচন আরও যেন শান্তিপূর্ণ হয়, সেটিই আমি জনগণের কাছে প্রত্যাশা করি।”
কেন্দ্র দখল সংক্রান্ত প্রশ্নে তিনি পুনরায় বলেন, “কোনো কেন্দ্র দখলের খবর আমাদের কাছে আসেনি। সাংবাদিকরা সঠিক ও সত্য সংবাদ দিলে দেশবাসীসহ সবাই উপকৃত হবে।”