;

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে কাজে ফেরার অপেক্ষায় আছি: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দ ও গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করব। তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা সেই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

ভাষণে তিনি দেশবাসীকে গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থাকে দুর্বল করা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন করে এমন অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। তিনি এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার বলে উল্লেখ করেন।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।