;

জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট

জিএম কাদেরের মন খারাপ, দেননি ভোট

ছবি সংগৃহীত

রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দিন রংপুর নগরীর নিউসেনপাড়া মহল্লার স্কাইভিউ বাসভবনে অবস্থান করলেও ভোট দিতে কেন্দ্রে যাননি। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গেও কোনো কথা বলেননি।

দলীয় নেতারা আগের দিন জানিয়েছিলেন, সকাল ৮টায় বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন তিনি। তবে সকাল থেকে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করেও জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কমিটির কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিকেল ৩টার দিকে স্কাইভিউ বাসভবনে গিয়ে দেখা যায়, বাসার মূল ফটক বন্ধ এবং বাইরে কোনো নেতাকর্মীর উপস্থিতি নেই। পরিবেশ ছিল বেশ নীরব। বাসার পেছন দিক দিয়ে গেলে কয়েকজন সাংবাদিককে সেখানে অপেক্ষমাণ দেখা যায়।

দুপুর ৩টা ৫ মিনিটে জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী তৈয়ব আহমেদ সাংবাদিকদের জানান, “স্যার এখন কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তিনি প্রতিক্রিয়া জানাবেন।” তবে তিনি ভোট দিতে যাবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বাসা থেকে বের হওয়ার সময় বলেন, “স্যারের মন-মেজাজ ভালো নেই। তিনি মনে করছেন, নির্বাচনের ফল খুব ভালো হবে না।” তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্বাচনী খরচ বাবদ যে অর্থ দেওয়া হয়েছিল, তা সঠিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছে পৌঁছায়নি।

বিকেল সাড়ে ৩টার পরও জি এম কাদের বাসা থেকে বের হননি। দলের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ভোট দিতে যাননি বলেই নিশ্চিত হওয়া গেছে।