;

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর তার অনুভূতি প্রকাশ করেছেন। ঢাকা-১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এটি তার দ্বিতীয়বারের ভোট প্রদান।

ভোট দেওয়ার পর তিনি বলেন, “দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।”

মিষ্টি জান্নাত আরও বলেন, “ভোট দেওয়ার পরিবেশ খুবই ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। আমি পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই উন্নয়নের আশ্বাস দিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তা হয় না। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক।”

অভিনেত্রী বলেন, “আমি যাকে ভোট দিই, সেই প্রার্থী জেতে। গতবারও আমার পছন্দের প্রার্থী জয়ী হয়েছিল। এবারও আশা করি জিতবে।”

ভোট কেন্দ্রে মিষ্টি জান্নাত সাদা বোরকায় ঘোমটা পড়ে উপস্থিত হন। তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন।