;

পুলিশের গাড়িচাপায় নিহত ছাত্রীর পরিবারকে ৩৫৪ কোটি টাকা ক্ষতিপূরণ

পুলিশের গাড়িচাপায় নিহত ছাত্রীর পরিবারকে ৩৫৪ কোটি টাকা ক্ষতিপূরণ

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পুলিশের গাড়িচাপায় নিহত ভারতীয় স্নাতকোত্তর ছাত্রী জাহ্নবী কান্দুলার পরিবারকে ৩৫৪ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত।

২০২৩ সালের জানুয়ারিতে সিয়াটলে রাস্তা পার হওয়ার সময় পুলিশের একটি গাড়ির ধাক্কায় নিহত হন জাহ্নবী। যে সড়কে দুর্ঘটনাটি ঘটে, সেখানে সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার গাড়িটি ঘণ্টায় প্রায় ১১৯ কিলোমিটার বেগে চলছিল বলে জানা যায়।

সংবাদ সংস্থা এপি জানায়, অতিরিক্ত মাদক সেবনের একটি ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন স্থানীয় পুলিশ কর্মকর্তা কেভিন ডেভ। তিনি সাইরেন ও ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময়ই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের গাড়ির ধাক্কায় জাহ্নবী প্রায় একশো ফুট দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন এবং যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়াশোনা করছিলেন।

প্রাথমিকভাবে সিয়াটল পুলিশ দুর্ঘটনাটিকে ‘লঘু’ করে দেখানোর চেষ্টা করেছিল এবং দাবি করেছিল, গাড়িটি ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে চলছিল। তবে পরবর্তী তদন্তে উচ্চগতির বিষয়টি সামনে আসে।

এ বিষয়ে সিয়াটলের সিটি অ্যাটর্নি এরিকা ইভান্স বলেন, “জাহ্নবী কান্দুলার মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আশা করছি, এই আর্থিক ক্ষতিপূরণ তার পরিবারের জন্য কিছুটা সহায়ক হবে। তার জীবনের মূল্য পরিবার ও পরিজনদের কাছে অপরিসীম ছিল।”