নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে এবং সবার সহযোগিতায় এই যাত্রা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনের মাঠে বিভিন্ন সংগঠনের সদস্যরা কাজ করছেন এবং সবাইকে নির্বাচনকেন্দ্রিক প্রশিক্ষণ দিয়ে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। এত বড় কর্মযজ্ঞ সমন্বয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় নির্বাচন কমিশন নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সামনে যেকোনো চ্যালেঞ্জ এলেও সম্মিলিতভাবে তা মোকাবিলা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নাসির উদ্দিন বলেন, “বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, সবার সহযোগিতা নিয়ে গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছাবে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ‘পাতানো’ না ‘সুষ্ঠু’—সে মূল্যায়ন জনগণ ও গণমাধ্যম করবে। তবে নির্বাচন কমিশন জাতির কাছে যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার করেছে, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, কমিশন কারও পক্ষে বা বিপক্ষে নয়; বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই তাদের একমাত্র লক্ষ্য।
সিইসি আরও বলেন, “এই দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। পাতানো নির্বাচন, কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে।”
নির্বাচনী প্রস্তুতির বিশালতা তুলে ধরে তিনি জানান, প্রায় ২৫ কোটি ৪০ লাখ ব্যালট পেপার ছাপিয়ে নির্ধারিত সময়ে সারা দেশের কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে, যা একটি বড় প্রশাসনিক চ্যালেঞ্জ ছিল। ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় কমিশন দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান তিনি।
সবশেষে তিনি বলেন, নির্ধারিত সময়ের বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সবাইকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।