;

মাদারীপুরে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ভুল স্বীকার

মাদারীপুরে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ভুল স্বীকার

ছবি সংগৃহীত

মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে। তিনি রাজৈর উপজেলার স্বরমঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নজরে আসে। পরে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। প্রশাসনের যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানা যায়।

অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে অবহিত করা হলে তিনি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।

ইউএনও মাহফুজ উল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, “কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম। এটি আমার ভুল।”