;

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জনের মৃত্যু

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলায় ১০ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় এক মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) তথ্যানুসারে, উত্তর-পূর্ব ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ মাধ্যমিক বিদ্যালয়ে ছয়জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন।

এছাড়া অন্য একটি স্থানে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, এই ঘটনাটিও স্কুল হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেও হয়তো গুলিতে নিহত হয়েছেন।

টাম্বলার রিজ ব্রিটিশ কলাম্বিয়ার প্রত্যন্ত একটি পৌরসভা; যার জনসংখ্যা প্রায় ২৪০০ জন। ভ্যাঙ্কুভার থেকে এটি প্রায় ৭১৭ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

ব্রিটিশ কলম্বিয়ার জননিরাপত্তা মন্ত্রী নিনা ক্রিগার এক বিবৃতিতে বলেন, “আমি মেয়র এবং স্থানীয় এমএলএর সঙ্গে কথা বলেছি। আমরা আরসিএমপিকে প্রয়োজনীয় যেকোনো অতিরিক্ত সহায়তা দিচ্ছি।”