নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বুধবার ২২শে এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
পোস্টে তিনি বলেন, ইরান সরকার বর্তমানে মারাত্মকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে, যা তার কাছে অপ্রত্যাশিত নয়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ-এর অনুরোধে ইরানের ওপর আক্রমণ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ইরানের পক্ষ থেকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
একই সঙ্গে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব ক্ষেত্রে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা দেওয়া ও আলোচনা কোনো সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে।
এদিকে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক অনলাইন বিবৃতিতে তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে এগিয়ে নিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেহবাজ শরিফ আরও জানান, পাকিস্তানের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার ভিত্তিতে তারা দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে কাজ চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
সূত্র: বিবিসি ও আল জাজিরা