নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলেরও সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রামের বন্দরে লাগাতার ধর্মঘট কর্মসূচি স্থগিত করার পরই তাকে আটক করা হলো।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, ‘র্যাবের একটি দল ইব্রাহিম খোকনকে আটক করে বন্দর থানায় দিয়েছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।’
এদিকে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খোকনকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।
বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা না দেওয়াসহ চার দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন বন্দরের কর্মচারীরা। এই আন্দোলনের নেতৃত্বে ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবির। ৩১ জানুয়ারি থেকে প্রথমে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে সংগঠনটি।
পরে গত মঙ্গলবার লাগাতার কর্মসূচি শুরু হয়। বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য কর্মসূচি স্থগিত করা হলেও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে রোববার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে গতকাল সোমবার সকাল ৮টা থেকে ধর্মঘটও প্রত্যাহার করা হয়েছে।