;

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

ভারতীয় সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের ‘গুলিবিদ্ধ মরদেহ’

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার অভিযোগে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে। কয়েকদিন আগে বন্ধুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সাদ্দাম আরও তিনজনের সঙ্গে সীমান্ত অতিক্রম করেন। এরপর আর তিনি দেশে ফেরেননি। তার সঙ্গে যাওয়া তিনজনের মধ্যে একজন গুলিবিদ্ধ অবস্থায় দেশে ফিরে এসে শুক্রবার রাতে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানান। তার ভাষ্য অনুযায়ী, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাদ্দামের বড় ভাই নিজাম উদ্দিন জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় সাদ্দাম মোবাইল ফোন সঙ্গে নেননি। প্রথমে পরিবার ভেবেছিল, তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে গেছেন। পরে বিষয়টি জানতে পেরে শনিবার কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

রোববার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত এ ঘটনায় মরদেহ উদ্ধারের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সীমান্ত-সংশ্লিষ্ট হওয়ায় মরদেহ দেশে আনা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তারা এখনো কোনো মরদেহের তথ্য নিশ্চিত করেনি।

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করতে সতর্ক করা হয়েছে।