;

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামে গ্রেপ্তার অভিযান চলাকালে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, মাইকে ঘোষণা দিয়ে গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী নেতৃত্বে বুধবার রাত দেড়টার দিকে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের এক আসামিকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে স্থানীয়রা মিথ্যা তথ্য ছড়িয়ে, পুলিশকে পিটিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। এতে এসআই আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও হাবিবুল্লাহ (৩০) আহত হন। শহিদুল ইসলামকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অন্য দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

আহত শহিদুল ইসলাম জানিয়েছেন, তাকে বুকে আঘাত করা হয়েছে এবং হাতের একটি আঙুল ভেঙে দেয়া হয়েছে। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল বলেন, “আসামি গ্রেপ্তারের পর মসজিদে মাইকিং করে মিথ্যা তথ্য প্রচার করা হয়, বলা হয়, পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলেছে।”

জানা গেছে, জাহাঙ্গীর হোসেন তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরবর্তীতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।