নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৩০শে মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
জামালপুরে গত ২৪ ঘণ্টায় দুই শিশুসহ ছয়জন নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল থেকে রোববার বিকেলের মধ্যে এসব ঘটনা ঘটে।
সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নে। থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মাসুদুর রহমানের (৪৫) বিরুদ্ধে। পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে এ ঘটনা ঘটায় এবং বিষয়টি গোপন রাখতে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয়। পরে শিশুটি তার মাকে সব জানালে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।
মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, একই দিনে জেলার বিভিন্ন এলাকায় আরও পাঁচজন ধর্ষণের শিকার হন। তাদের মধ্যে রয়েছে ইসলামপুর উপজেলার চার বছরের এক শিশু, ইসলামপুর পৌরসভার ২৯ বছর বয়সী এক নারী, মেলান্দহ উপজেলার ১৭ বছরের এক কিশোরী, জামালপুর পৌরসভার ২১ বছর বয়সী এক নারী এবং সদর উপজেলার ৪০ বছর বয়সী এক নারী।
একদিনে একাধিক এমন নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জামালপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আলামত সংগ্রহের কাজ চলছে।