;

সরকারি ডিপোতে হাজার হাজার লিটার তেলের অবৈধ মজুত, ব্যবস্থাপক বরখাস্ত

সরকারি ডিপোতে হাজার হাজার লিটার তেলের অবৈধ মজুত, ব্যবস্থাপক বরখাস্ত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুতের অভিযোগে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বড় ধরনের অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযানে যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসকের সমন্বয়ে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ ও এনএসআই যৌথভাবে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে প্রতিষ্ঠানটির তিনটি তেলের ট্যাংকের জ্বালানি সরেজমিনে পরিমাপ করে নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এতে বড় ধরনের গরমিল ধরা পড়ে। তদন্তে দেখা যায়, কোথাও তেলের পরিমাণ বেশি, আবার কোথাও কম—সব মিলিয়ে ১২ হাজার ৬১৩ লিটার তেলের হিসাবের অমিল পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে তেলের পরিমাণ কম-বেশি দেখিয়ে পরবর্তী সময়ে চুরির সুযোগ তৈরি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে ডিপোর ব্যবস্থাপক (অপারেশন) মো. আল আমিন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাকে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে, তদন্ত চলাকালে মোংলা ডিপো থেকে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অবৈধভাবে মজুতকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস জানান, এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন বিপিসিই পরবর্তী ব্যবস্থা নেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এত বড় অঙ্কের গরমিল স্বাভাবিক পরিমাপজনিত ত্রুটির মধ্যে পড়ে না। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।