;

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

ইরানে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা

ছবি: সংগৃহীত

ইরানে সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের হামলায় ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারে দেশটিতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে তারা গোপনে এই অভিযান শুরু করে।

এর আগে শুক্রবার সকালে ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। বিমানটিতে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হলেও অপরজন এখনো নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযানের সময় মার্কিন হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। এতে একটি হেলিকপ্টারের লেজে আগুন ধরে গেলেও সেটি শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।

এদিকে, নিখোঁজ মার্কিন ক্রুকে আটক করতে পাল্টা অভিযান শুরু করেছে ইরানি মিলিশিয়ারা। এখনো পর্যন্ত তার কোনো অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, ওই মার্কিন পাইলটকে জীবিত বা মৃত অবস্থায় ধরিয়ে দিতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে।

একই দিনে যুক্তরাষ্ট্রের আরেকটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানও ভূপাতিত করার দাবি করেছে ইরান। হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিমানটি বিধ্বস্ত হয়। এই ধরনের বিমান সাধারণত কাছাকাছি থেকে স্থল লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়।

পুরো ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।