নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ৪ঠা এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
স্প্যানিশ লা লিগার আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি, অ্যাটলেটিকোর হোম গ্রাউন্ড মেট্রোপলিটানো স্টেডিয়ামে।
বার্সেলোনার জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে হলে কাতালানদের অ্যাটলেটিকোর মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরতে হবে। তবে ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়িয়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার চোট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি আগামী মে পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।
রাফিনিয়ার অনুপস্থিতিতে আক্রমণের বড় দায়িত্ব এখন ১৮ বছর বয়সী লামিন ইয়ামালের ওপর। ইতিমধ্যেই ম্যানেজার এই প্রতিভাবান তরুণের ওপর ভরসা রাখছেন। সম্প্রতি ভিয়ারিয়ালের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে তিনি দারুণ ফর্মের ইঙ্গিত দিয়েছেন।
তবে মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেননি দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানডোভস্কি ও ফেরান তোরেস। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসা মার্কাস রাশফোর্ডও এখনও নিজের সেরা ছন্দে পৌঁছাননি। তবে রাফিনিয়ার চোট তাকে আবার প্রথম একাদশে ফেরার সুযোগ করে দিতে পারে।
অন্যদিকে, লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ম্যাচটি মর্যাদার লড়াই। তাদের মূল লক্ষ্য এখন সামনে থাকা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল। চলতি মৌসুমে দুই দল তিনবার মুখোমুখি হয়েছে—লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা, তবে কোপা দেল রে'র সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে অ্যাটলেটিকো।
সব মিলিয়ে, গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে ইয়ামালের পারফরম্যান্স হতে পারে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার মূল ফ্যাক্টর।