;

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

বিএনপি নেতার গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এক বিএনপি নেতার বসতবাড়ির গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাহানের বাড়ির গোয়ালঘরে অবৈধভাবে পেট্রোল মজুত করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার ছেলে এরশাদুল হক স্থানীয় পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে ড্রামে সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করছিলেন।

অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে পেট্রোলভর্তি ড্রাম ও বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছে পরিবার। এরশাদুল হকের ভাই দাবি করেন, ব্যক্তিগত ব্যবহারের জন্যই পেট্রোল রাখা হয়েছিল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।