নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২৮শে মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
নেত্রকোনার কেন্দুয়ায় অধিক মুনাফার আশায় অবৈধভাবে পেট্রোল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে পরিচালিত এক অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে অবৈধভাবে মজুত করা প্রায় ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী এনায়েতুর রহমান (ওরফে এনায়েতউল্লাহ) রামপুর বাজারে হার্ডওয়্যার ব্যবসার আড়ালে গোপনে জ্বালানি তেল বিক্রি করতেন। জানা গেছে, তিনি দোকানের পেছনে একটি গোপন কক্ষে ৬টি ড্রামে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করে রেখেছিলেন। সারা দেশে জ্বালানি তেলের সাময়িক সংকটের সুযোগ নিয়ে চড়া দামে বিক্রির উদ্দেশ্যেই এই মজুত গড়ে তোলা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জরিমানার অর্থ পরিশোধের পর তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা পেট্রোল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নাজির আব্দুল আজিজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।