;

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ৬৩ শতাংশই কোটা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ৬৩ শতাংশই কোটা

ছবি সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জারি করা এ নীতিমালায় আগামী শিক্ষাবর্ষেও ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে।

কোন শ্রেণিতে ভর্তির সুযোগ:

নীতিমালা অনুযায়ী, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যান্ট্রি (প্রবেশ) শ্রেণিতে এবং আসন শূন্য থাকলে নবম শ্রেণি পর্যন্ত সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে।
‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীর ভর্তির নিশ্চয়তা দিতে হবে। তবে নির্ধারিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ বয়স ৭ বছর হতে হবে।

লটারি ও ফি:

কেন্দ্রীয় ডিজিটাল লটারির তারিখ, সময় ও আবেদন ফি নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মাউশি পুরো লটারি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে।

বিদ্যালয় পছন্দক্রম:

  • একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ের পছন্দক্রম দিতে পারবে।
  • কোনো ডাবল শিফট স্কুলের দুই শিফট পছন্দ করলে সেটি দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।
  • স্বচ্ছতা বাড়াতে শিক্ষার্থীকে তার দেওয়া পছন্দগুলোর মধ্যে যেকোনো একটি প্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে—এটি সফটওয়্যারে অন্তর্ভুক্ত থাকবে।
  •  

ক্যাচমেন্ট এরিয়া:

ঢাকা মহানগরের ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিন গ্রুপে বিভক্ত থাকবে।
প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান বিদ্যালয়সংলগ্ন সর্বোচ্চ তিনটি থানা ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে নির্ধারণ করতে পারবেন।
এই ক্যাচমেন্ট এরিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০% আসন সংরক্ষণ থাকবে।

কোটা বণ্টন:

  • ক্যাচমেন্ট কোটা: ৪০%
  • মুক্তিযোদ্ধার সন্তান: ৫%
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: ২%
  • শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তান: ০.৫%
  • শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দপ্তর–সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তান: ০.৫%
  • যমজ কোটা: ২% (আগে ৩%)
  • সহোদর কোটা: ৩% (আগে ২%)
    যমজ/সহোদর কোটা এক দম্পতির সর্বোচ্চ তিন সন্তান পর্যন্ত প্রযোজ্য।
  • ষষ্ঠ শ্রেণিতে ভর্তি: সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করা শিক্ষার্থীদের জন্য ১০% আসন বাধ্যতামূলক।
  •  

ভর্তি কমিটি:

  • ঢাকা মহানগর: মাউশির মহাপরিচালকের নেতৃত্বে
  • জেলা পর্যায়: জেলা প্রশাসক (ডিসি)
  • উপজেলা পর্যায়: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
  •  

আবেদন ও লটারির সম্ভাব্য সময়সূচি:

মাউশি নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

  • ১৯ নভেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২১ নভেম্বর–৭ ডিসেম্বর অনলাইন আবেদন
  • ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি
  • নির্বাচিত শিক্ষার্থীদের ১৭–২১ ডিসেম্বর ভর্তি সম্পন্ন