;

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না: মার্কিন দূতাবাস

ছবি সংগৃহীত

বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাঁরা আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদিত হবেন, তাঁদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়, এই ভিসা বন্ড শুধুমাত্র ব্যবসা ও পর্যটন (বি১/বি২) ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য। তবে যুক্তরাষ্ট্রে এফ বা এম ভিসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য নয়।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া এক ঘোষণায় দূতাবাস জানায়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে অনুমোদিত বি১/বি২ ভিসার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।

দূতাবাস আবেদনকারীদের সতর্ক করে জানায়,

ভিসা সাক্ষাৎকারের আগে কোনো ধরনের ভিসা বন্ড পরিশোধ করা যাবে না

আগাম বন্ড পরিশোধ ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না

তৃতীয় পক্ষের ওয়েবসাইট বা দালালের মাধ্যমে লেনদেন প্রতারণার ঝুঁকিপূর্ণ

সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয়

ভিসার শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হলে নির্ধারিত সময় শেষে ভিসা বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত সর্বশেষ ও সঠিক তথ্য জানার জন্য আবেদনকারীদের ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।