;

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে সারাদেশের গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরতে যাচ্ছে।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্ত্রী জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়েছে। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই মিটার চার্জ পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতে হয়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল।

অনেক গ্রাহক অভিযোগ করে আসছিলেন, বছরের পর বছর ধরে রিচার্জের টাকা থেকে এই চার্জ কেটে নেওয়া হচ্ছে। মিটারের মূল মূল্য অনেক আগেই পরিশোধ হয়ে যাওয়ার পরও কেন এই অতিরিক্ত অর্থ কাটা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে তৈরি হওয়া আর্থিক দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। তবে বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক চাপ কমাতে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ।