;

পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যা: নিশি খাতুন গ্রেপ্তার

পানিতে ডুবিয়ে ৮ কুকুরছানা হত্যা: নিশি খাতুন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে বস্তাবন্দী করে আটটি কুকুরছানাকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ৭ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে একমাত্র আসামি করা হয়েছে।

প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে মামলাটি করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ঘটনাটিকে “অমানবিক” উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে এনিমেল অ্যাকটিভিস্ট কমিটির একটি দল ঈশ্বরদীতে গিয়ে তদন্ত শুরু করে।

নৃশংসতার জেরে অভিযুক্তের স্বামী নয়নের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ইউএনও জানান, মঙ্গলবারই তাদের বাসা খালি করতে বলা হয়েছিল এবং তারা ইতোমধ্যে কোয়ার্টার ত্যাগ করেছেন।

গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর গেজেটেড ভবনের বাসিন্দা নয়নের স্ত্রী নিশি খাতুন কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ ওঠে। ইউএনও কার্যালয়ের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, সোমবার সকালে নয়নের ছেলে তাকে জানায় তার মা নিজ হাতে ছানাগুলোকে পুকুরে ডুবিয়েছে। পরে বস্তাবন্দী অবস্থায় পুকুর থেকে আটটি মৃত ছানা উদ্ধার করা হয়।