;

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

নতুন নেতার প্রতি দেশবাসীকে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের জন্য মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা হবে।

মোজতবা খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির সেনাবাহিনীও তার নিয়োগকে সমর্থন জানিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় নিহত হন প্রায় ৩৭ বছর ধরে দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর থেকেই তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে দেশজুড়ে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

এদিকে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনীও পাল্টা জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।