;

চাঁদা 'না দেওয়ায়' কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট

চাঁদা 'না দেওয়ায়' কারখানা ভাঙচুর, ট্রাক এনে পণ্য লুট

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে চাঁদা না দেওয়ায় একটি কারখানায় ভাঙচুর ও পণ্য লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটি হলো বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ, যার মালিক শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন (অপু)।

কারখানাটি জিআই তার উৎপাদন করে এবং সুইজারল্যান্ড ও জার্মানিসহ ১২টি দেশে পণ্য রপ্তানি করে। ২০২০ সালে জমি কিনে কারখানাটি গড়ে তোলা হয়। এতে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর অর্থায়ন রয়েছে।

কারখানা কর্তৃপক্ষের দাবি, গত ১৭ ফেব্রুয়ারি একদল লোক কারখানায় হামলা চালিয়ে কর্মীদের মারধর, ভাঙচুর এবং ট্রাকে করে মালামাল লুট করে নিয়ে যায়। হামলার পর দুই দিন উৎপাদন বন্ধ ছিল। পরে শিল্প পুলিশের পাহারায় সীমিত আকারে উৎপাদন শুরু হয়।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রূপগঞ্জ উপজেলার সভাপতি মাহফুজুর রহমানের নাম ব্যবহার করে স্থানীয় কয়েকজন ১০ লাখ টাকা এককালীন এবং মাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি কারখানা মালিকের।

মামলা করতে গেলে রূপগঞ্জ থানা পুলিশ মাহফুজুর রহমানের নাম বাদ দিতে বলেন—এমন অভিযোগও তুলেছেন মনোয়ার হোসেন। পরে তার নাম বাদ দিয়েই ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করে মামলা করা হয়।

তবে থানার ওসি মো. সবজেল হোসেন এ অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমানও চাঁদা দাবি বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ বলেছেন, অভিযোগ সত্য হলে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।