নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৯ই মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় বেকসুর খালাস পেয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সোমবার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।
এদিন আসিফ আকবর সশরীরে আদালতে হাজির হন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ে উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। ফলে তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়ালিউল ইসলাম তুষার আসিফ আকবরের সর্বোচ্চ সাজা দাবি করেন। অন্যদিকে তাঁর আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ গায়ককে নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত খালাসের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে আসিফ আকবর বলেন, “ন্যায়বিচার পেয়েছি।”
এর আগে গত মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ ও আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন এবং রায়ের জন্য ৯ মার্চ দিন নির্ধারণ করেন আদালত। এ মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৫ জুন দিবাগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর অফিস কক্ষ থেকে চার বোতল অবৈধ বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।
এরপর ২০১৮ সালের ২৩ জুলাই লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখার অভিযোগে তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডির সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
পরে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্র দাখিলের পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত আসিফ আকবরের বিচার শুরুর আদেশ দেন।