নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : সোমবার ৯ই মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া আরও দুটি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটে আগামী ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা জারি রয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিমান চলাচলেও।
এই পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইনস।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে।