নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : মঙ্গলবার ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
সোমবার রাতে দেবীগঞ্জ-সোনাহার উপজেলা সড়কের ধরধরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দেবীগঞ্জ উপজেলা সদরের কলেজপাড়া এলাকার আজাদ হোসেনের স্ত্রী মমতা বেগম (৩৭) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে মুনতাহা। আহত হয়েছেন মমতার ভাগনে মনিরুল ইসলাম এবং অপর মেয়ে মোবাশ্বিরা (৫)। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাহার গজপুরী এলাকায় বাবার বাড়িতে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে ভাগনে মনিরুলের মোটরসাইকেলে জমজ দুই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন মমতা। পথে নতুনবন্দর ধরধরা ব্রিজের কাছে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী ‘নাদের পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মমতা ও তার মেয়ে মুনতাহাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মনিরুজ্জামান জানান, বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বাস ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।