;

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর এই হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন তারা। পরিদর্শনের সময় হাসপাতালের নোংরা বিছানা, তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ তাদের নজরে আসে।

পরিস্থিতি দেখে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্বের সংকট রয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনার ঘাটতিও রয়েছে।

তবে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এই হাসপাতালকে অন্য সব হাসপাতালের তুলনায় আরও বেশি মানবিক ও উন্নত সেবা নিশ্চিত করতে হবে।