নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২৭শে সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে ২০ জন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার এবং আরও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। তিনি জানান, হামলার ঘটনায় ১২ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া হোস্টেল কক্ষে অস্ত্র রাখার অভিযোগে আরও ৮ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা ২ থেকে ৪ সেমিস্টার পর্যন্ত শিক্ষাজীবন থেকে বিরত থাকবেন।
তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৯ জন শিক্ষার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে বহিষ্কৃতদের তালিকা প্রকাশ করেনি, জানা গেছে তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি একই ঘটনার প্রেক্ষিতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৯ জনকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।