;

জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১টি পদে ১৬টিতে ছাত্রশিবিরের বিজয়

জকসুতে ভিপি-জিএস-এজিএসসহ ২১টি পদে ১৬টিতে ছাত্রশিবিরের বিজয়

ছবি সংগৃহীত

প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো এবার জকসুতেও নিরঙ্কুশ আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মোট ২১টি পদের মধ্যে ভিপি, জিএস, এজিএসসহ ১৬টিতে জয় পেয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদ’ প্যানেল।

ফলাফল ঘোষণা

ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার রাত ১টায় আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাহ, সাবেক সভাপতি জাহিদুল ইসলামসহ সংগঠনটির জবি ও কেন্দ্রীয় নেতারা। তারা বিজয়ীদের শুভেচ্ছা জানান।

কেন্দ্রীয় সংসদের ফলাফল

ভিপি পদে ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

জিএস পদে ৫ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল আলিম আরিফ। এজিএস পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে জয় পান মাসুদ রানা।

এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নুরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন খাতুন, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আযম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন নাওয়ার জয়া এবং ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম নির্বাচিত হয়েছেন।

অন্য প্যানেলের প্রাপ্তি

শীর্ষ পদ না পেলেও ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের সমর্থিত নির্ভীক জবিয়ান ঐক্য পরিষদ তিনটি পদে জয় পায়। পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ নির্বাচিত হন।

কার্যকরি সদস্যের সাতটি পদের মধ্যে চারটিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি তিনটি পদে জয় পান দুইজন ছাত্রদল সমর্থিত ও একজন স্বতন্ত্র প্রার্থী।

ছাত্রী হল সংসদেও শিবিরের দাপট

একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা হল সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ১০টি পদে জয় পায় অদম্য জবিয়ান ঐক্য পরিষদ।

ভিপি নির্বাচিত হন জান্নাতুল উম্মে তারিন, জিএস সুমাইয়া তাবাসসুম ও এজিএস রেদোয়ানা খাওলা।

ভোটার ও নির্বাচনসংক্রান্ত তথ্য

এ নির্বাচনে ৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন।

কেন্দ্রের বাইরে উত্তেজনা

নির্বাচন ঘিরে জকসু ভোটকেন্দ্রের বাইরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাইরে পৃথক সহযোগিতা কেন্দ্রে তারা অবস্থান নেন।

ব্যালট বাক্স খুলতে গিয়ে আহত পোলিং এজেন্ট

ভোট গণনার সময় একটি ব্যালট বাক্স খুলতে গিয়ে আহত হয়ে জ্ঞান হারান স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্ট, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথুন চন্দ্র দাশ। পরে মেডিকেল টিমের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ক্যাথরিন পিউরিফিকেশন জানান, অতিরিক্ত ক্লান্তি ও আঘাতের কারণে তিনি সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।