নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার ৩০শে অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বিএনপির এক কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে ১১টি বন্দুক, ২৭টি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বিএনপির কর্মী মুহাম্মদ কামাল (৫০), তাঁর চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) এবং পরিবারের এক কিশোর সদস্য। কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, অভিযানের সময় বাড়ির আঙিনা, পুকুরপাড় এবং আলমারিসহ বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় এসব অস্ত্র ও মাদক পাওয়া যায়। উদ্ধার করা মাদকের মধ্যে গাঁজা ও বিদেশি মদ রয়েছে।
র্যাব–৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।”
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি ২০২৩ সালের ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা কোনো অবৈধ কাজে জড়িত নন। প্রতিপক্ষের ষড়যন্ত্রে তাঁদের বাড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।