;

ঢাকায় চীনের ৫ নাগরিকসহ গ্রেপ্তার ৮, জব্দ ৫১ হাজার সিম

ঢাকায় চীনের ৫ নাগরিকসহ গ্রেপ্তার ৮, জব্দ ৫১ হাজার সিম

ছবি সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে চীনের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে ডিবি। এর মধ্যে রয়েছে ৫১ হাজার ২৫১টি সিম কার্ড, ৫১টি মুঠোফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির সাইবার উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ, হুয়াং ঝেং জিয়াং, মো. জাকারিয়া, নিয়াজ মাসুম এবং কামরুল হাসান ওরফে হাসান জয়।

ডিসি নাছের রিকাবদার জানান, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে চাকরি প্রতারণা, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে প্রতারণা এবং অন্যান্য সাইবার অপরাধের অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে এই চক্রের অবস্থান শনাক্ত করে।

তিনি জানান, গত ৭ জানুয়ারি ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৫১ হাজার ৬৭টি সিম কার্ড, ৪টি মুঠোফোন, ২টি সিপিইউ এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।

এ ছাড়া সোমবার উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে পরিচালিত আরেকটি অভিযানে পাঁচ চীনা নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৪৭টি মুঠোফোন, ১৮৪টি সিম কার্ড এবং ৫টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ডিসি নাছের রিকাবদার আরও জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইন প্রতারণা চক্র সক্রিয় রয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নিয়াজ মাসুম ও কামরুল হাসানকে আদালতে পাঠানো হয়েছে।