;

সংবিধান সংশোধন কমিটির জন্য সদস্য চাইলো বিএনপি, জামায়াত বললো ‘পরে’

সংবিধান সংশোধন কমিটির জন্য সদস্য চাইলো বিএনপি, জামায়াত বললো ‘পরে’

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, এই কমিটিতে বিরোধীদল থেকে পাঁচজন সদস্যের নাম আহ্বান করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত কমিটিতে সরকারি দলের ৭ জন সদস্য, বিরোধীদল থেকে ৫ জন এবং স্বতন্ত্র ও অন্যান্য দল থেকে আরও ৫ জন সদস্য রাখা হবে। এভাবে মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা হবে।

তিনি আরও জানান, সংসদের রুল ২৬৬ অনুযায়ী ইতোমধ্যে ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকায় বিএনপি থেকে ৭ জন এবং অন্যান্য দল থেকে ৫ জন রয়েছেন।

আইনমন্ত্রী বলেন, সংসদে বিরোধীদলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে ৫ জন সদস্যের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল নাম দিলে দ্রুতই কমিটি গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করা সম্ভব হবে এবং সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’-এর আলোকে কাজ এগিয়ে নেওয়া যাবে।

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং বিরোধীদলের কাছ থেকে বাকি ৫ জনের নাম প্রত্যাশা করা হচ্ছে।

এ বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা প্রয়োজন রয়েছে। তিনি জানান, এ বিষয়ে কিছু ধারণাগত পার্থক্য রয়েছে। তারা ‘সংস্কার’ চান, যেখানে এখানে ‘সংশোধন’-এর কথা বলা হচ্ছে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

শেষে আইনমন্ত্রী বিরোধীদলকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এর মধ্যে ৫ জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, বিরোধীদল দ্রুত নাম দিলে কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে।