নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
আপডেট : শনিবার ২৪শে জানুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
রাজধানীর নয়াপল্টনে চার বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া পবিত্র কুমার বড়ুয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আগামী ২৭ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গত ১৮ জানুয়ারি ‘শারমিন একাডেমি’র প্লে-শ্রেণির এক শিক্ষার্থীকে স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া মিলে পাশবিক নির্যাতন চালান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রিন্সিপাল শিশুটিকে মারধর করছেন এবং তার স্বামী শিশুটির মুখে স্ট্যাপলার ঢুকিয়ে দিয়ে সোফার সাথে চেপে ধরে নির্যাতন করছেন।
গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে মিরপুর এলাকা থেকে অভিযুক্ত পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু আইনের ৭০ ধারায় মামলাটি দায়ের করেছেন। নির্যাতনে শিশুটির কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে বর্তমানে চিকিৎসাধীন।
পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী মঙ্গলবার রিমান্ড বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। মামলার অন্য আসামি প্রিন্সিপাল শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।