;

কম্বলের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

কম্বলের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ জামায়াত সমর্থকের বিরুদ্ধে

ছবি সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এনে এক অসহায় বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি একটি রাজনৈতিক দলের সমর্থক বলে স্থানীয়ভাবে পরিচিত।

রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ভুক্তভোগী নারীর বাড়িতে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর তিনি শীতের কম্বল দেওয়ার কথা বলে ওই নারীকে ফোন করেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে কাউছারের বাড়িতে গেলে সেখানে একা পেয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর অভিযুক্ত তাকে ও তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি বিষয়টি এতদিন কাউকে জানাতে পারেননি। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত একজন দুষ্টপ্রকৃতির ব্যক্তি এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

অন্যদিকে অভিযুক্ত কাউছার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে একটি মহল ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক দলের একজন নেতা জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।