;

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। পরীক্ষা চলাকালীন হঠাৎ সিলিং ফ্যান খুলে এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়ে গেলে তিনি আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী মো. নিয়ামুল হাসান, তিনি দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যানটি খুলে গিয়ে নিয়ামুলের মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে যায়। আকস্মিক এ ঘটনায় পরীক্ষার হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিকভাবে স্থিতিশীল হওয়ার পর নিয়ামুল আবার পরীক্ষায় অংশ নেন। আহত হওয়ার কারণে সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত এসব অবকাঠামো সংস্কারের দাবি জানিয়েছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ঘটনাটি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কুমিল্লা শিক্ষা বোর্ড-এর প্রতিনিধিদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।